সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন