ঢাকার সাভারে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১০ লাখ টাকারও বেশি মূল্যের গাঁজা উদ্ধার হলেও অভিযানের খবর পেয়ে ২-৩ জন কারবারি পালিয়ে যায়।
র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সাভার থানাধীন রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের উত্তর পাশে অভিযান চালানো হয়।
এর আগেই রাত ১২টা ৩৫ মিনিটে র্যাবের কাছে তথ্য আসে যে কয়েকজন মাদক ব্যবসায়ী ফুটপাতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রির জন্য অবস্থান করছে। খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় অভিযান টের পেয়ে আরিফ, শিমুলসহ আরও ২-৩ জন সন্দেহভাজন পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে প্রায় ১০ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাব জানায়, পলাতক আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম দামে গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তারিখ ২ আগস্ট ২০২৬। পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।


