রাজশাহীর চারঘাট উপজেলার সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের (১ম পর্যায়) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল জি এম আজিজুর রহমান।
“সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে প্রশিক্ষণার্থীরা শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের অনন্য প্রদর্শন করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান (মিনু), রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবং রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. নজরুল মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে মানসম্মত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও স্বজনসহ বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।




