নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা আটি মৌজায় ১৫ শতাংশ জমির দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা, বাধা দেওয়ায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সোহেল নামে এক ব্যক্তি। বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশে উভয় পক্ষকে নোটিশ দিয়েছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ নোটিশ জারি করে। নোটিশে আগামী ১৮ জানুয়ারি সকালে জমি-সংক্রান্ত নিজ নিজ বৈধ কাগজপত্রসহ উভয় পক্ষকে থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়ার বাসিন্দা মো. সোহেল গত ১৫ অক্টোবর মূল মালিক মো. কামরুল ইসলামের কাছ থেকে আটি মৌজার আরএস ৩৬২ দাগে থাকা ১৫ শতাংশ জমির অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন।
অভিযোগে বলা হয়, গত ২০ অক্টোবর সকালে সিআইখোলা এলাকার মিঠু, জামান ও খোরশেদের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ওই জমিতে গিয়ে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে সোহেলকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জমির দখল নিয়ে বিরোধ ও এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৬৫৬/২৬।
মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালি উল্লাহ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত দিনে জমি-সংক্রান্ত বৈধ কাগজপত্রসহ দুই পক্ষকে থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিরোধের কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।