নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে মো. রনি (৪১) নামে এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত রনি মিজমিজি পাইনী মধ্যপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে পাইনাদি নিমাইয়ের বাড়ির সামনের পাকা রাস্তায় রনির সঙ্গে আল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা বাগ্বিতণ্ডায় রূপ নেয়। এর জেরে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনির মাথা ও পিঠে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা রনির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে আটক করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রনির সঙ্গে আল আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে নিহতের স্ত্রী আফসানা এ ঘটনার পেছনে পুরোনো বিরোধের বিষয়টি সামনে এনেছেন। তাঁর দাবি, প্রায় দুই থেকে তিন মাস আগে আল আমিনের সঙ্গে রনি ও তাঁর বাগ্বিতণ্ডা হয়েছিল। সেই বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। আফসানা জানান, ঘটনার দিন ভোরে কারও ফোন পেয়ে রনি কাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর কী ঘটেছে, তা তিনি জানেন না। কিছুক্ষণ পর তাঁর ননদের স্বামী এসে রনিকে রাস্তায় হত্যা করা হয়েছে বলে খবর দেন।
পুলিশ জানিয়েছে, আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।