![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ১১:৫৯ এ.এম
সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রীর বাসার ছাদে ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন
বিদ্যুৎ এর চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার ছাদে স্থাপন করা হয়েছে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ (সোলার) প্যানেল।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, বরং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল স্থাপনের এই উদ্যোগ দেখে অন্যরাও নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
উদ্বোধনকালে রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ। আশা করছি, এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে মানুষ নিজ নিজ বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত হবেন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশ ও মানুষের উপকার হবে।
সংশ্লিষ্টদের মতে, সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব জ্বালানি। দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা ও চাপ কমবে। একই সঙ্গে প্রচলিত বিদ্যুতের চাহিদার ওপর চাপ কমিয়ে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বিশেষজ্ঞদের অভিমত, দেশের প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.