সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সংলগ্ন পাকা রাস্তায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর আহম্মেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগষ্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আহম্মেদ ( ২৮)। তিনি বাগবাটি ইউনিয়নের পূর্ব গারুদহ গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান,দ্রুতগামী একটি ভটভটি ও মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাগর ঘটনাস্থলেই মারা যান।
বাগবাটি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন বলেন,আমরা পরিষদে ছিলাম। হঠাৎ চিল্লাচিল্লি শুনে গিয়ে দেখি মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তখন সিরাজগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক এসআই আজাদ জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা ভটভটিটি আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখে। ভটভটির চালককে না পেয়ে উত্তেজিত জনতা ইউপি সদস্য আব্দুল মমিনের একটি মোটরসাইকেল ভাংচুর করে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



