সিলেট বিভাগে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে নতুন করে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া শিশুদের মধ্যে জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া দিরাই উপজেলা-এর ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—হবিগঞ্জ-এ ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজার-এ ১৫ জন, সুনামগঞ্জ-এ ৩২ জন এবং সিলেট জেলায় ২৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২ জন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ, ৫ জন মৌলভীবাজার সদর হাসপাতাল-এ এবং ১ জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন এবং অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




