আজ সোমবার (০৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কে একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন একজন।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় যানবাহন দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিকে চলতি বছরের প্রথম তিন মাসে সিলেট বিভাগের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় ৮৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ১২৭ জন। আহতদের মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। দুর্ঘটনায় হতাহতদের বড় অংশ ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বিভাগে জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি ছিল। মার্চ মাসে বিভাগে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন ১০ জন।
নিসচা সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিলেট বিভাগে ৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
এছাড়া সুনামগঞ্জে ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজারে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। হতাহতদের বড় অংশই ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।
এই তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার ১৬টি দুর্ঘটনায় ২০ জন এবং অন্যান্য যানবাহনের ২১টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে আরও দেখা গেছে, গত মার্চ মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত, মৌলভীবাজারে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৬ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।




