![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১১:৩২ এ.এম
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আসামি খোরশেদ আলম রনি সলিমপুর এলাকায় একটি কলোনিতে অবস্থান করছেন বলে জানা যায়। তাৎক্ষণিক এসআরবির একটি টিম অভিযান চালায় ওই এলাকায়। এই সময় খোরশেদ আলম রনি এসআরবির অভিযানের সংকেত পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় রনির কক্ষ থেকে একটি পুরোনো ম্যাগাজিনবিহীন পিস্তল, একটি পিস্তলসদৃশ বস্তু, ৫টি স্টিলের পাইপ, স্ক্রু-ড্রাইভার, ড্রিল মেশিন, টুলবক্সসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি, অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এসআরবির অভিযানে খোরশেদ আলম রনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তার কাছে দুটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে তার মধ্যে ৪টি ওয়ারেন্ট ভুক্ত। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.