সীতাকুণ্ডে বালু উত্তোলনে বিলীনের পথে আকিলপুর সৈকত, বসতভিটা রক্ষায় মানববন্ধন

অপরিকল্পিত বালু উত্তোলনে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূল হুমকির মুখে পড়েছে। বিলীনের পথে নয়নাভিরাম আকিলপুর সমুদ্র সৈকত। ঝুঁকিতে রয়েছে স্থানীয়দের বসতভিটা, আবাদি জমি ও উপকূলীয় বেড়িবাঁধ। দীর্ঘদিন ধরে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আসলেও তা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন। এবার নিজেদের ভিটেমাটি রক্ষায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আকিলপুর বেড়িবাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাঁশবাড়িয়া এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে অবিলম্বে সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুরাদপুর থেকে ফৌজদারহাট পর্যন্ত সমুদ্র উপকূল থেকে প্রতিদিন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে স্থানীয়দের বসতবাড়ি, আবাদি জমি ও সমুদ্রতীরবর্তী বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে সমুদ্রের প্রবল স্রোতে স্থানীয়দের ভিটেমাটি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, নিজেদের শেষ সম্বল বসতভিটা ও উপকূলীয় সম্পদ রক্ষায় অবিলম্বে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা বালু উত্তোলন বন্ধে জরুরি হস্তক্ষেপের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আজাদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন, ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কাসেম ও ছালাদার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দীন। এ ছাড়া ইয়াছিন আরাফাত, রেজাউল করিম, মোহাম্মদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন