ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সংঘাতের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী দেখা গেছে। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে রিয়াদে সতর্কতা জারি করেছিল সৌদি আরব। সে সময় বিকট বিস্ফোরণের শব্দও শোনা যায়।
রয়টার্সের ভিডিও ও ছবিতে বিমানবন্দরের হাইওয়ে, মূল টার্মিনাল ভবন এলাকায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ধোঁয়া ও রাতের সতর্কবার্তা সম্পর্কে রয়টার্সের প্রশ্নের জবাবে সৌদি সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
এর আগে শুক্রবার রাতে রিয়াদ এবং রাজধানীর পূর্বে আল-খারজ শহরে সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। পরবর্তীতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়। কিন্তু অল-ক্লিয়ার বার্তা পাঠানোর আগেই রিয়াদের ওলায়া এলাকায় বিকট শব্দ শোনেন এক রয়টার্স সাংবাদিক।