স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার ( ১৪মে) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকারের বয়স মাত্র তিন মাস হলেও ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু হয়েছে। সরকার শুধু স্বপ্ন দেখায় বিশ্বাসী নয়, বরং পরিকল্পনার ভিত্তিতে বাস্তবসম্মত উন্নয়ন বাস্তবায়নে কাজ করছে।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রথম ধাপে প্রায় ৬ হাজার ৯৪৩ জনের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। তিনি এ উদ্যোগকে শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে একটি মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যে ময়মনসিংহ রেলস্টেশনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ রেলস্টেশনে বৃষ্টির সময় পানি জমে যাওয়া, যাত্রীদের জন্য বিশ্রামাগারের অভাব, নারী যাত্রীদের নামাজের ব্যবস্থা ও পাবলিক টয়লেট সংকটসহ নানা সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, সারা দেশে রেলকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে এবং ময়মনসিংহও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত। ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবি বিবেচনায় রয়েছে। লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
এছাড়াও ময়মনসিংহের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানজট নিরসনে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহের তিনটি রেলক্রসিং এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
শেষে তিনি স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।