![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ১১:০০ পি.এম
হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও আলাউদ্দিন (৪০)। তাঁরা দুজনই সীতাকুণ্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, আজ বুধবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। এ সময় রহিম উদ্দিন নামের এক ব্যক্তি তাঁকে অপহরণ করে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে এক স্কুলের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আলাউদ্দিন। পরে তিনি মোবাইল ফোনে সঞ্জয় কুমার ঘোষকে ঘটনাস্থলে ডেকে নেন। এরপর তিনজন দলবদ্ধ হয়ে তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.