![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ১০:৪৭ পি.এম
হিমছড়ির উত্তাল সাগরে প্রাণহানি: তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব রহমান জানান, ঢাকা থেকে আসা পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামলে আকস্মিক ঢেউ ও প্রবল স্রোতে কয়েকজন গভীর পানিতে ভেসে যান। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও বিচকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতদের মধ্যে রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন আজিমপুরের নাবিবুর রহমানের ছেলে নাফিসুল হক নিবিড় (২২)। অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ দল তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ বাড়ায় সৈকতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সতর্কবার্তা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ স্থানে সাগরে নামার প্রবণতা বন্ধে আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.