হোসেনপুরে লোডশেডিংয়ের সঙ্গে ভেঙে পড়ে মোবাইল নেটওয়ার্ক

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ার সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রতিকার দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
‎হোসেনপুর পৌর এলাকার একাধিক বাসিন্দা জানান, বিদ্যুৎ না থাকলে অনেক সময় নেটওয়ার্ক একেবারেই থাকে না। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ডাকতে বা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাতে পুরো এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে যা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ অচল হয়ে যায়। এতে করে সাধারণ মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
‎স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে কল করা, ইন্টারনেট ব্যবহার করা কিংবা জরুরি বার্তা পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় এ সমস্যা বেশি হয়।
‎উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই চিত্র, সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ বাজারের ব্যবসায়ী সজীব মিয়া বলেন, লোডশেডিং হলে কোন নেটওয়ার্ক থাকে না। মোবাইলে জরুরি কোন কাজ করা যায় না।
‎ফ্রিল্যান্সার মামুন আহমেদ বলেন কোনো প্রজেক্টের কাজ সঠিক ভাবে করতে পারছি না আইপিএস থাকলেও বিদ্যুৎ এর অভাবে চার্জ হচ্ছে না সাথে ত নেটওয়ার্ক সমস্যা আছেই।
‎ভুক্তভোগীদের দাবি, লোডশেডিং কমানোর পাশাপাশি মোবাইল টাওয়ারগুলোতে উন্নতমানের ব্যাকআপ পাওয়ার (উচ্চক্ষমতার ব্যাটারি ও জেনারেটর) নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে নেটওয়ার্ক সেবা সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন