নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকা খালটি পুনরায় সচল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
জানা গেছে, ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট)’ প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। খালটির পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা।
উদ্বোধন শেষে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা মোসাদ্দুর রহমান রকেট এবং জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহান। এছাড়াও সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, “নওগাঁ জেলায় খাল খনন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ প্রকল্পের আওতায় চলতি বছরে জেলায় আরও পাঁচটি খাল পুনঃখনন করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় কৃষকরা জানান, প্রায় দুই দশক ধরে খালটি পলি জমে ভরাট হয়ে পড়েছিল। ফলে শুষ্ক মৌসুমে পানি না থাকায় চাষাবাদে ব্যাপক সমস্যা হতো। পুনঃখনন কাজ শেষ হলে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরী ইউনিয়নের কয়েক হাজার কৃষক সহজেই খালের পানি ব্যবহার করে কম খরচে ধান ও সবজি চাষ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।




