চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে ২ হাজার ৪০০ দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ১৫০০ টাকা করে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুরে প্রয়াত এরফান আলীর বাসভবন সংলগ্ন চাতালে এসব অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরফান গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি।
বিতরণ কালে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার আলহাজ মো. সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক ( মানবসম্পদ) মো. রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন, একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম, আব্দুস সামাদ লাট্টু মড়ল, দারুল উলুম জেসামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মামুনার রশিদ, কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লাহ বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের দুটি দল সহায়তা করে।
বিতরণের আগে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই জেলার অসহায় দুস্থ মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে এরফান গ্রুপ।




