
পরিবেশ বল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, স্থানীয় লোকদের সমন্বয় করার জন্যই সামাজিক বনায়ন করা হয়েছে। তারা নিজেদের সন্তানের মত গাছপালা লালন পালন করবেন। বনাঞ্চল থেকে ১০ কিলোমিটার দূরে বাড়ি এমন লোকদের সামাজিক বনায়নের অংশীদার করা যাবে না। নতুন করে বনায়ন হচ্ছে, পূর্বে যা হয়েছে তা এখন সংশোধন করতে হবে। তিনি বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ গাছের চারা কেউ রোপন করলে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তিনি শনিবার (২৯ আগস্ট) টাঙ্গাইল বন বিভাগের হতেয়া , বাঁশতৈল রেঞ্জের বিভিন্ন বিটাধীন এলাকা পরিদর্শনের সময় এসব কথা বলেন। ভুক্তভোগী এলাকাবাসী মন্ত্রীর নিকট আটিয়া বন অধ্যাদেশ ৮২ আইন বাতিল করার জন্য জোর দাবি জানান। এরপর তিনি মধুপুর চলে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সিসিএফ মোঃ আমির হোসাইন চৌধুরী, সিএফ এ এস এম জহির আকন, ডিএফও মোঃ নাজমুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা প্রমুখ। এছাড়া স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের জানানো হয়নি, এজন্য স্থানীয় সাংবাদিকগণ ক্ষোভ প্রকাশ করেন



