
ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে সদর উপজেলার নারগুন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নারগুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শাপলা স্কুল থেকে নারগুন ইউনিয়ন পরিষদের দিকে যাওয়া কাঁচা সড়কের দক্ষিণ পাশে দবিরুল ইসলামের ফসল রাখার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্ব হাজীপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক ওরফে বুড্ডা (৩৯) এবং কহরপাড়া গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে মো. মশিউর রহমান (৪৫)। দুজনই ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসুল কাজল জানান, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের কারবার ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের অবস্থান কঠোর এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
