লক্ষ্মীপুরের কমলনগরে হাত বেঁধে ইটভাটার শ্রমিককে নির্যাতন

লক্ষ্মীপুরের কমলনগরে মো. কালু নামে এক ইটভাটার শ্রমিককে হাত বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গার গুড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযুক্ত হলেন ওই এলাকার ইসমাইল নামে এক ব্যক্তি। তিনি ইটভাটায় শ্রমিক সরবরাহ করেন।

ভুক্তভোগী কালু একই উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু বাদামতলী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। শুক্রবার (১০ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নির্যাতনের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করা হয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর থেকেই স্থানীয় লোকজন অভিযুক্ত ইটভাটা মাঝির বিচারের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালু নামে ওই শ্রমিকের দুই হাত ঘরের আঁড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে বাঁধা হয়। এরপর ইসমাইল মাঝি একটি লাঠি হাতে ওই শ্রমিককে পেটাচ্ছে। এ সময় শ্রমিককে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হয়। পেটানোর মাঝে তাকে বিভিন্ন বিষয়ে প্রতিজ্ঞা করানো হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন