পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানান কর্মসূচীর ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১২ এপ্রিল) পহেলা বৈশাখ উৎযাপনের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এস. এম. মাহমুদুল হক এবং আহ্বায়ক ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১০টায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠিত হবে।
উদযাপনকে সুষ্ঠু ও সফল করতে গঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৮টা ৪৫ মিনিটে কুমিল্লার কান্দিরপাড় থেকে পাঁচটি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে একইভাবে ফিরে যাবে। এ ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের তত্ত্বাবধানে পরিচালিত হবে।




