আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভান্ডারা ইউনিয়নের মৌচোষা গ্রামে নতুন এই ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার (উত্তর-পশ্চিম) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের আওতায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এখানে আগে থেকেই ২০টি বিওপি ক্যাম্প কার্যক্রম পরিচালনা করছে। নতুন যুক্ত হওয়া ‘মৌচোষা বিওপি’ ওই সীমান্ত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।
নতুন ক্যাম্পটির অবস্থান কিশোরীগঞ্জ বিওপি থেকে উত্তরে প্রায় ৪ কিলোমিটার এবং রামচন্দ্রপুর বিওপি থেকে দক্ষিণে প্রায় ২ কিলোমিটার দূরে। দুই বিওপির মধ্যবর্তী ও শূন্যরেখার কাছাকাছি এলাকায় চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচারসহ সীমান্ত অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিজিবি।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, “বিজিবি সদস্যরা প্রতিকূল পরিবেশেও মাতৃভূমি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই বিওপি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
তিনি আরও জানান, সম্প্রতি সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ ও জ্বালানি-ভোজ্যতেল পাচার রোধে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।




