রামগতি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রাজিব (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রামগতি থানায় একটি মামলা দায়ের করেছে।
ভুক্তভোগী শিশুটির নাম রতনা (ছদ্মনাম)। সে নোয়াখালীর হাতিয়া উপজেলার মীর আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং বয়ারচর এলাকার আমির হোসেন মাঝীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজিব শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত রাজিবের সাথে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী শিশু ও তার বাবা আমির হোসেন মাঝী জানান, তারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
মীর আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিতা রাণী মজুমদার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন কোমলমতি শিক্ষার্থীর সাথে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীর দ্রুত গ্রেফতার দাবি করছি।স্থানীয় ওয়ার্ড মেম্বার দিদার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগতভাবে বিষয়টি সমাধানের জন্য পুলিশকে সহযোগিতা করা হচ্ছে।
রামগতি থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।




