মাঠে মাশরাফী বিন মোর্ত্তজার তেজস্বী বিচরণ ভক্তদের বহু জয়ের আনন্দ দিয়েছে। তবে এবার জয়ের আনন্দটা একটু ভিন্ন। মাশরাফী-কন্যা হুমায়রা মোর্ত্তজা তার দলের হয়ে ‘ঢাকা একাডেমি কাপ ২০২৬’ এর শিরোপা জয় করেছে।
শনিবার (৯ মে, ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাশরাফী নিজেই এই খুশির খবরটি নিশ্চিত করেন। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত সাবেক এই অধিনায়ক ফেসবুক পোস্টে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “Dhaka Academy tournament Champion. Congratulation Humaira.”
শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, হুমায়রা ও তার সতীর্থরা চ্যাম্পিয়ন ট্রফি এবং ১২ হাজার টাকার প্রাইজমানির চেক হাতে বিজয় উদযাপন করছেন। টি-স্পোর্টসে সম্প্রচারিত হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মাশরাফী বিন মোর্ত্তজার বড় সন্তান হুমায়রা মোর্ত্তজা বেশ আগে থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। খেলাধুলার পাশাপাশি মেয়ে হুমায়রা মোর্তজা শফি ধর্মীয় শিক্ষা, মার্শাল আর্ট, নৃত্যকলা, রন্ধনশৈলী, হস্তশিল্প সহ নানাবিধ গুনে গুণান্বিত বলে জানা গেছে।
ম্যাশকন্যার এমন অর্জনে ক্রীড়াঙ্গনের অনেকেই তাকে শুভকামনা জানাচ্ছেন। মা- সুমনা হক সুমিও মেয়ের সাফল্যের আনন্দ নিজ ফেসবুক – ইন্সট্রাগ্রামে প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফীর ভক্ত-অনুরাগীরাও হুমায়রা ও তার দলের এই সাফল্যকে অভিনন্দন বার্তায় ভাসিয়ে দিচ্ছেন।




