নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে এক গৃহবধূকে টাকার প্রলোভন দেখিয়ে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে খোকন হাওলাদার নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার (৮ মে) দুপুরে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত খোকন হাওলাদার উপজেলার সারেংকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী ঢাকায় টিউবওয়েলের মিস্ত্রি হিসেবে কাজ করেন। গত ৬ মে বুধবার দুপুরে ওই নারী আশ্রয়ন প্রকল্পসংলগ্ন একটি পুকুরে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত খোকন হাওলাদার জরুরি কথা আছে বলে তাকে নিজের ঘরে নিতে টাকার প্রলোভন দেখিয়ে টানাটানি করে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘরে নেওয়ার পর খোকন তাকে টাকা দেখিয়ে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী নারীর শ্বশুর কাঞ্চন মিয়া বলেন, খোকন দীর্ঘদিন ধরে আমার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বুধবার টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। উল্টো আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। এছাড়াও স্থানীয় যুবদল নেতা পলাশ শেখের ছত্রছায়ায় এ বিষয়টির পরোক্ষভাবে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।
সারেংকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম মজুমদার গোবিন্দ বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি স্পর্শকাতর ঘটনা হওয়ায় থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। এ ধরনের ঘটনা গ্রাম্য সালিশে সমাধানযোগ্য নয়।




