গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দিতে খালার বাড়ি বেড়াতে এসে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
ওই শিশুর পরিবার গণমাধ্যমকে জানান, শিশুটি গত রোববার (৩ মে) গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের নানিবাড়ি থেকে খালাবাড়ি জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দিতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজামকান্দি পূর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসল করার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে ধর্ষণ করে ও ভয়ভীতি দেখায়।
পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।
ওই শিশুর খালু বলেন, মাঠে ধান কাটা চলছে। পরিবারের সবাই জমি থেকে ধান কাটছে। আমার একটি শিশু সন্তান রয়েছে, বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে দেখার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পূর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে জঙ্গলের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবীতোষ বিশ্বাস বলেন, ধর্ষণের শিকার একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।




