মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এসি বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার প্রবাসী ভাই প্রাণ হারিয়েছেন। ওমানের আল বাতিনাহ প্রদেশের আল মিলিদ্দা এলাকায় গত মঙ্গলবার (১২ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (১৩ মে) সকালে ওমান পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত চার ভাই হলেন— মো. রাশেদ (৩৫), মো. শাহেদ (৩২), মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪)। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের সন্তান।
প্রবাসী স্বজনদের সূত্রে জানা গেছে, ছোট দুই ভাই সিরাজ ও শহিদের বুধবার রাতে বাংলাদেশে ফেরার কথা ছিল। সেই উপলক্ষ্যে কেনাকাটা করতে চার ভাই মিলে একটি প্রাইভেটকার নিয়ে বের হন। পথে আল মিলিদ্দা এলাকায় গাড়িটি পার্কিং করে ভেতরে অবস্থান করছিলেন তারা। এসময় হঠাৎ গাড়ির শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস বিস্ফোরিত হয়ে ভেতরেই তাদের মৃত্যু হয়। বুধবার সকালে পুলিশ পার্কিং করা গাড়ি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতদের বড় ভাই এনাম জানান, দেশে ফেরার পর সিরাজ ও শহিদের বিয়ে করার কথা ছিল। সেই আনন্দ আজ বিষাদে পরিণত হয়েছে। বড় দুই ভাই রাশেদ ও শাহেদ বিবাহিত ছিলেন। রাশেদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
একসাথে চার ছেলেকে হারিয়ে বৃদ্ধা মা এবং স্ত্রী-সন্তানেরা বারবার মূর্ছা যাচ্ছেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো রাঙ্গুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে এখন কেবলই হাহাকার।
ওমান পুলিশ জানিয়েছে, মরদেহগুলো বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।




