টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর এক নববধূর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমিকসহ সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
নিহত সূচনা (১৮) ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী এলাকার আইনপুর গ্রামের মোঃ সোরহাব আলীর মেয়ে। এক মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের আলম (২২) এর সঙ্গে তার বিয়ে হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন সূচনা। পরে জানতে পারেন, প্রেমিক সাউয়াল (২০) একটি প্রাইভেটকারে করে তাকে ঢাকায় নিয়ে গেছে। সাউয়াল ঘাটাইল উপজেলার সত্তুর বাড়ি এলাকার সরোয়ারের ছেলে।
পরিবারের দাবি, নিখোঁজের তিনদিন পর সাউয়াল এর চাচা সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে শনিবার রাতে ঘাটাইলের একটি ভাড়া বাসায় তাদের নিয়ে আসে।
রবিবার সন্ধ্যায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের সিদ্ধান্ত ছিল। তবে তার আগেই ওই ঘর থেকে অচেতন অবস্থায় সূচনাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, সূচনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান জানান,আত্মহত্যা প্ররোচনার মামলা পক্রিয়াদিন রয়েছে।



