নড়াইলে নামযজ্ঞের মেলায় সনাতন ধর্মের কলেজ ছাত্রী ছুরিকাহত | হাসপাতালে ভর্তি

​১৮ মে, ২০২৬ নড়াইল সদরের পঙ্কবিলায় হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী নামযজ্ঞের মেলায় গিয়ে পূর্বা সোম নামের এক কলেজ ছাত্রী দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (১৭ মে) রাত পৌনে বারোটার দিকে সদরের পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ​পূর্বা সোম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
​ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে তিন দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার ঠিক আগ মুহূর্তে মন্দির প্রাঙ্গণের একটি পান দোকানে দাঁড়ান তিনি। সেখানে ভিড়ের সুযোগ নিয়ে পেছন থেকে এক দুর্বৃত্ত পূর্বার কোমরের নিচে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা তাৎক্ষণিকভাবে জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এটিই প্রথম নয়; এর আগে মাত্র মাস তিনেক আগে এক রাতে পূর্বার বাবা পরিতোষ সোম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন। সে সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তবে ঠিক কী কারণে প্রথমে বাবা এবং পরবর্তীতে মেয়ের ওপর এমন নৃশংস হামলা চালানো হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পরিবারটি।
ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন কলেজ ছাত্রীর ওপর এই বর্বরোচিত হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নড়াইল সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে তারা তৎপর রয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন