নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে এক রাতে আটটি দোকানে ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোরচক্রের এমন তাণ্ডবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চোরেরা গভীর রাতে বাজারের বিভিন্ন দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে বাউল আঃ জব্বারের হার্ডওয়্যার ও মেশিনারিজের দোকান, জাহাঙ্গীর আলমের কম্পিউটার ও ফটোকপি দোকান, স্বপন মিয়া ও এমদাদুল হকের দুটি কীটনাশকের দোকান, শোনো মিয়ার বিকাশের দোকান, ফরিদ মিয়ার মুদি দোকান, মোঃ রাব্বি হোসাইনের কসমেটিকসের দোকান এবং আবদুল্লার সাইকেলের দোকান।
ভুক্তভোগীদের দাবি, চোরেরা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ এবং প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাহারুল ইসলাম বলেন, “পুলিশ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দায়েরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি বাজারে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে সামনে রেখে এমন চুরি তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন