দেশের চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি হাসপাতালে হাম এবং হামে আক্রান্ত সন্দেহজনক রোগীদের জন্য আলাদা বিশেষ ওয়ার্ড বা কেবিন (আইসোলেশন) চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে এ ধরনের রোগীদের কোনোভাবেই ফিরিয়ে না দিয়ে আবশ্যিকভাবে ভর্তি রেখে চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা জারি করা হয়।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোর হাম আইসোলেশন ওয়ার্ডে সার্বক্ষণিক পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। সাধারণ কার্যদিবসের পাশাপাশি ছুটির দিনগুলোতেও প্রতিদিন সকাল ও বিকাল— দুই বেলা বাধ্যতামূলকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের ওয়ার্ড রাউন্ড দিতে হবে।
হাসপাতালে হামের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে কড়া নিয়ম জারি করা হয়েছে। এখন থেকে সরকারি হাসপাতালে ভর্তিকৃত প্রত্যেক হাম রোগীর সাথে সর্বোচ্চ ১ জন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন। এর অতিরিক্ত কোনো দর্শনার্থীকে ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে প্রতিদিন কতজন হাম বা সন্দেহজনক হামের রোগী ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দিষ্ট এমআইএস সার্ভারে (http://surveillance.dghs.gov.




