আটঘরিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকগণের অংশগ্রহণে দিনব্যাপী “নিরাপদ খাদ্য ফ্লিপচার্ট ব্যবহার সংক্রান্ত কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬ খ্রি.) সকাল ১১টায় আটঘরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, পাবনা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। শিক্ষকদের মাধ্যমেই শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ মোফাজ্জল হুসাইন। তিনি খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য আইন এবং ফ্লিপচার্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ।
স্বাস্থ্য সুরক্ষা ও সচেতন নাগরিক গড়ে তুলতে এমন আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের মতে, নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ, সচেতন ও নিরাপদ জীবন গঠনে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে জেলা প্রশাসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন