পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মঞ্জু এবং একই গ্রামের ইস্কান্দার আলী হাওলাদারের ছেলে শিপন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে আসা বিএম লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মঞ্জু ও শিপনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




