আশুলিয়ায় পরিত্যক্ত বাড়িতে গোপনে ঘোড়া জবাই মাংস সরবরাহ হোটেল- রেস্তোরায়

ঢাকার আশুলিয়ার তৈয়বপুরে একটি পরিত্যক্ত বাড়িকে আস্তানা বানিয়ে দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে তা গরু-খাসির মাংস বলে হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তৈয়বপুরের ড্রেন ও ময়লার ভাগাড়ের পাশের জনমানবশূন্য বাড়িটিই ছিল একটি সংঘবদ্ধ চক্রের গোপন জবাইখানা। প্রতিদিন রাত ১০টা থেকে ১২টার মধ্যে বিভিন্ন জায়গা থেকে ঘোড়া এনে সেখানে রাখা হতো। তারপর সীমিত আলোয় রাতভর জবাই, চামড়া ছাড়ানো ও মাংস প্যাকেটজাতের কাজ চলত। ভোর হওয়ার আগেই সেই মাংস সাভার, আশুলিয়া, উত্তরা ও কাশিমপুরের বিভিন্ন হোটেল, খাবারের দোকান ও বিরিয়ানির দোকানে পৌঁছে দেওয়া হতো।
এলাকাবাসীরা জানান, গভীর রাতে ধারালো অস্ত্র হাতে কয়েকজনকে নিয়মিত ওই বাড়িতে ঢুকতে-বের হতে দেখা যেত। বাড়িটির সামনে-পেছনে দুটি গেট থাকায় তারা সহজেই পালাতে পারত। ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি।
সম্প্রতি কয়েকজন সংবাদকর্মী ও স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা টের পেয়ে পালিয়ে যায়। তবে বাড়ির ভেতর থেকে ঘোড়া জবাইয়ের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
ইয়ারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আছমা বেগম বলেন, “বাড়িটা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় গুঞ্জন ছিল। এখন যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দরকার।”
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগটি প্রশাসনের নজরে এসেছে। তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আশুলিয়া থানার ওসিকে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। খুব শিগগিরই ঘটনাস্থলে অভিযান চালানো হবে।
প্রশাসন জানিয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন