কুয়াকাটায় পর্যটনকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পর্যটকসেবার মানোন্নয়ন, সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের আহবান

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটনকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পর্যটকসেবার মানোন্নয়ন, সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণসহ পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার লক্ষ্যে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সভায় কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি, সৈকত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারসহ পর্যটনসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল হোসেন।

এ ছাড়া হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক খান, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস, অনুষ্ঠান পরিচালনা করেন কুয়াকাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে হলে সৈকতের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কুয়াকাটাকে আরও আকর্ষণীয়, পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে কুয়াকাটার সৌন্দর্যবর্ধন ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে কয়েকটি উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কুয়াকাটার বিভিন্ন সড়কে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ, পর্যটক ও স্থানীয়দের জ্ঞানার্জনের জন্য একটি ব্যতিক্রমী লাইব্রেরি, ডিসি লেকের সৌন্দর্যবর্ধন এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের শেড উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটনসেবার মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন