শিক্ষিত ও মানবিক মানুষ গঠনের লক্ষ্যে ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জিলা স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাবৃত্তির মতো উদ্যোগ তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শাহনাজ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এবং দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
অনুষ্ঠানে ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনাজপুর জিলা স্কুলের মর্নিং শিফট ও ডে শিফটের মোট ৪৮ জন শিক্ষার্থী এবং দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের দৃষ্টি কাড়ে।




