সরকারি ভিপি সম্পত্তিতে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা

 নওগাঁর আত্রাই উপজেলার ভূপারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সরকারি আদেশ অমান্য করে ভিপি (ভস্টেড প্রপার্টি) সম্পত্তি থেকে গাছ কাটার অপরাধে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​আজ দুপুর ১:৩০ মিনিটে উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সৈয়দপুর দক্ষিণপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে মিন্টু প্রামানিক।

​স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু প্রামানিক সরকারি সম্পত্তি থেকে বেআইনিভাবে চারটি গুটুল/গাবল গাছ কেটে ফেলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দণ্ডবিধির ১৮৬০ এর ২৯১/৫০ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

​একই সাথে অভিযুক্ত মিন্টু প্রামানিক ভবিষ্যতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) প্রদান করেন। সাজা প্রদান শেষে উদ্ধারকৃত গাছগুলো স্থানীয় তহশিলদারের জিম্মায় হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে ইউএনও মোঃ মনিরুজ্জামান জানান, জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন