
ঝিনাইদহের মহেশপুরে ৭০ টাকা মূল্যের এক প্যাকেট সিগারেট ৬৫ টাকায় কেনাবেচাকে কেন্দ্র করে দোকানি ও ক্রেতার মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মহেশপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নেপারমোড়-ভৈরবা সড়কের বাকোশপোতা মাঠে ‘বিবেক চা’ নামের একটি টি-স্টলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেটের দাম নিয়ে প্রথমে দোকানি ও এক ক্রেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বেশ কয়েকজন আহত হন।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে আমিননগর, কুল্লাহ ও বাকোশপোতা এলাকার কয়েকটি চায়ের দোকানে সিগারেট কেনাবেচাকে কেন্দ্র করে দোকানি ও ক্রেতাদের মধ্যে বিরোধের ঘটনা ঘটছে। ছোটখাটো বিরোধ ধীরে ধীরে পাড়া-মহল্লা ও গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিষয়টির সমাধান না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দল-মত নির্বিশেষে এলাকার দায়িত্বশীল ব্যক্তি ও জনপ্রতিনিধিদের দ্রুত উদ্যোগ নিয়ে চলমান বিরোধ নিরসন করা জরুরি। তা না হলে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “সিগারেট কেনাবেচাকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।”
স্থানীয়রা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।





