মাধবপুরে সুমন ক্লথ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ৩০-৪০ লাখ টাকা

হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে মাধবপুর পৌরসভার পশ্চিম বাজারের মোবারক ম্যানশনে অবস্থিত ‘সুমন ক্লথ স্টোরে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানটির মালিক খোরশেদ আলম সুমন।
দোকান মালিক খোরশেদ আলম সুমন জানান, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে তাঁর মোবাইল ফোনে কল করে জানানো হয়, দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি দ্রুত বাসা থেকে ঘটনাস্থলে এসে দোকানে ভয়াবহ আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে দোকানে থাকা বিভিন্ন ধরনের কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দোকানের ভেতরে পুড়ে যাওয়া কাপড় ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
দোকান মালিকের দাবি, আগুনে তাঁর প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন