
দিনাজপুরের বিরামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বেপারীটোলা উচ্চ বিদ্যালয়-এর হলরুমে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোছফার রহমান-এর সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (আইসিটি) মোঃ রেজাউল করিম স্বাধীন-এর সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ছিল নবীজীর জীবনাদর্শ নিয়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের পর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাত বা জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তারা তাদের বক্তব্যে হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ, শান্তিপ্রিয় জীবনদর্শন এবং তাঁর শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮ম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাসুম হাসান, ল্যাব সহকারী মোঃ ফজলে রাব্বি, মৌলভী শিক্ষক মোঃ হামেদ আলী সরকার এবং সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ কাফি সহ প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলভী শিক্ষক মোঃ হামেদ আলী সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক ও স্থানীয় বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আঃ ওয়াহাব মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। আলোচনা সভার আগে কুইজ প্রতিযোগিতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




