
নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বেওলা ও খোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তদের রাতেই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে বেওলা পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় বেওলা গ্রামের মৃত শামসুর মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৩২) ও একই গ্রামের আফজাল সরদারের ছেলে রুবেল সরদার (২৬) কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া খোলাপাড়া গ্রামের শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২) এবং ভর-তেতুলিয়া গ্রামের মৃত মোকসেদ আকন্দের ছেলে মাসুম আকন্দ (৪৭) কে ১০০ টাকা করে অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে ভর-তেতুলিয়া গ্রামের নাসিরের ছেলে ফরিদ (৫০)-কে ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র আরও জানায়, দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


