দিনাজপুরে আবারও পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ

শ্রমিক নেতা শেখ বাদশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে আবারও সড়ক অবরোধ ও পরিবহন ব্লকেড কর্মসূচি পালন করছেন পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

শ্রমিকদের দাবি, গতকাল রাতে শেখ বাদশাকে গ্রেপ্তারের পর রাত থেকেই দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দিনাজপুরের সঙ্গে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ কার্যত ব্যাহত হচ্ছে।

এতে আজ সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। পরিবহন চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কোনো দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের মতো কর্মসূচি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তাদের মতে, এভাবে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ার প্রবণতা আইনের শাসন ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করে।

অন্যদিকে, শ্রমিক নেতারা শেখ বাদশার গ্রেপ্তারের বিষয়ে প্রতিবাদ জানিয়ে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন