
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভূল্লী বাজার চৌরাস্তার পশ্চিম পাশে নাসিরের গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূল্লী উপজেলার কুমারপুর ডাবরীপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. সজীব ইসলাম (২২) এবং কুমারপুর বাছিরপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. রবিউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারের অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে সজীব ইসলামের হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং রবিউল ইসলামের হেফাজত থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অভিযানে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় মাদকবিরোধী কমিটির কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





