
দিনাজপুরের বিরামপুরে ঐতিহ্যবাহী বেপারীটোলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোছফার রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক (জীববিজ্ঞান) মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কুশল বিনিময়ের পর বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোছফার রহমান, সিনিয়র শিক্ষক (জীববিজ্ঞান) মো. আজিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আ. করিম, মৌলভী শিক্ষক মো. হামেদ আলী সরকার এবং উপস্থিত সচেতন অভিভাবকবৃন্দ।
সভায় প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।” এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করতে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজসেবক ও স্থানীয় বিএনপি নেতা মো. মুক্তার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
তবে সভায় অভিভাবকদের উপস্থিতি কিছুটা অপ্রতুল ছিল বলে জানা যায়। বক্তারা আগামীতে এ ধরনের গুরুত্বপূর্ণ সভায় অভিভাবকদের আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।




