
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা এবং শিক্ষার্থীদের জন্য কার্যকর ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জনাব আবদুল মোতালেব দুলাল। তিনি সভায় স্বাগত বক্তব্যও প্রদান করেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের ফলাফল ও দক্ষতা উন্নয়ন, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রচলিত পদ্ধতিতে পাঠদান করে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা সম্ভব নয়। সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে।
সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।





