রাজধানী ঢাকার পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পথশিশু বা টোকাইদের জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে বাবুবাজার ব্রিজের নিচে, সুয়ারীঘাট, ওয়াজঘাট ও বাদামতলী এলাকায় প্রতিদিন অসংখ্য ছোট ছোট পথশিশুকে ভাঙ্গারি কুড়াতে দেখা যায়। এদের অনেকের বয়স মাত্র ৫ থেকে ১০ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুবাজার ব্রিজের নিচে রাসেল নামের এক মহাজনসহ আরও কয়েকজন ভাঙ্গারি ব্যবসায়ী এসব পথশিশুদের কাছ থেকে কুড়ানো প্লাস্টিক, কাগজ ও বিভিন্ন ভাঙ্গারি মালামাল কিনে থাকে। একইভাবে সুয়ারীঘাট, ওয়াজঘাট ও বাদামতলী এলাকাতেও বেশ কয়েকটি ভাঙ্গারি দোকান রয়েছে, যেখানে পথশিশুরা প্রতিদিন তাদের সংগ্রহ করা জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু মহাজন এসব পথশিশুদের নেশাজাতীয় দ্রব্য সংগ্রহে উৎসাহ দেয় বা সহযোগিতা করে। ফলে অনেক পথশিশু ভেন্ডি (ডেনড্রাইট), আঠা, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পর এসব এলাকায় দলবদ্ধভাবে শিশুদের নেশা করতে দেখা যায় বলে স্থানীয়দের অভিযোগ।
সচেতন নাগরিকরা বলছেন, এত অল্প বয়সে শিশুদের নেশার সাথে জড়িয়ে পড়া সমাজের জন্য একটি বড় হুমকি। দারিদ্র্য, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং সামাজিক অবহেলার কারণে এসব শিশুরা ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের উচিত দ্রুত এসব এলাকার কার্যক্রম তদন্ত করা এবং যারা শিশুদের নেশার পথে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি পথশিশুদের পুনর্বাসন, শিক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।




