মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে আলমগীর হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও একই এলাকার হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকালে হাসান মুন্সির সমর্থকরা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও সমর্থক আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায়।
এ সময় আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার একপর্যায়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করে বলেও অভিযোগ রয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




