বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুরান ঢাকায় পথশিশুদের নেশার অন্ধকার জগত—বাবুবাজার, সুয়ারীঘাট, ওয়াজঘাট ও বাদামতলীতে উদ্বেগজনক পরিস্থিতি

রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পথশিশুদের জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে বাবুবাজার ব্রিজের নিচে, সুয়ারীঘাট, ওয়াজঘাট ও বাদামতলী এলাকায় প্রতিদিন অসংখ্য পথশিশুকে ভাঙ্গারি কুড়াতে দেখা যায়। এসব শিশুর অনেকের বয়স মাত্র ৫ থেকে ১০ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুবাজার ব্রিজের নিচে ও ওয়াজঘাট এলাকায় রাসেল, আরিফ ও ছানি নামের কয়েকজন মহাজন ভাঙ্গারি ব্যবসা পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, এসব মহাজন ছোট ছোট পথশিশুদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক, কাগজ ও অন্যান্য ভাঙ্গারি কুড়িয়ে আনিয়ে তা কম দামে কিনে ব্যবসা করে থাকেন।
একইভাবে সুয়ারীঘাট, ওয়াজঘাট ও বাদামতলী এলাকায়ও বেশ কয়েকটি ভাঙ্গারি দোকান রয়েছে, যেখানে প্রতিদিন পথশিশুরা তাদের সংগ্রহ করা মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী এসব পথশিশুদের নেশাজাতীয় দ্রব্য সংগ্রহে উৎসাহ দেয় বা সহযোগিতা করে। ফলে অনেক পথশিশু ভেন্ডি (ডেনড্রাইট), আঠা, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পর এসব এলাকায় দলবদ্ধভাবে শিশুদের নেশা করতে দেখা যায় বলে স্থানীয়দের অভিযোগ।
সচেতন নাগরিকরা বলছেন, এত অল্প বয়সে শিশুদের নেশার সাথে জড়িয়ে পড়া সমাজের জন্য বড় হুমকি। দারিদ্র্য, পরিবার থেকে বিচ্ছিন্নতা ও সামাজিক অবহেলার কারণে এসব শিশুরা ক্রমেই ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ধাবিত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের উচিত দ্রুত এসব এলাকার কার্যক্রম তদন্ত করা এবং যারা শিশুদের দিয়ে এ ধরনের কাজ করাচ্ছে ও নেশার দিকে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি পথশিশুদের পুনর্বাসন, শিক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন