
শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : অ্যাডভোকেট আতিকুর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের কল্যাণে সংগঠিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল করতে দায়িত্বশীলদের সততা, দক্ষতা, যোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে।
শনিবার (৩ অক্টোবর) বরিশাল নগরীর টাউন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা ও মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রমের ওপর দেশের উৎপাদন ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ নির্ভরশীল। অথচ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য মজুরি, অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করা দায়িত্বশীলদের অন্যতম কর্তব্য।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও শ্রমিকদের মৌলিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়েছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো ব্যবস্থা চলতে দেওয়া হবে না। প্রয়োজনে শ্রমিকরা রাজপথে নামবেন। কৃষকদের সার সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকরা মাঠে সার না পাওয়ার অভিযোগ করছেন। সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি কিংবা সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে জিম্মি করা হলে তা মেনে নেওয়া হবে না।
গার্মেন্টস শ্রমিকদের প্রসঙ্গে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। চাকরি হারানো অনেক শ্রমিক ন্যায্য পাওনা ও সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন। বছরের পর বছর আইনি প্রক্রিয়ায় ঘুরেও অনেকে প্রতিকার পাচ্ছেন না। শ্রমিকদের এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান, বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বরিশাল জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক মশিউর রহমানসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।





